News | নিউজ
Loading...

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত
Card image

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত সামাজিক, শিক্ষামূলক ও ওয়েলফেয়ারমূলক প্রতিষ্ঠান দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা (SWAD)-এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস অডিটোরিয়াম, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা–১২০৭-এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “The Students Welfare Association, Dhaka আজ শুধু বৃত্তি প্রদান করছে না; আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি একটি আস্থা, একটি দায়িত্ব এবং একটি স্বপ্ন। স্বপ্ন—তোমরা জ্ঞানে আলোকিত হবে, নৈতিকতায় দৃঢ় হবে এবং দেশ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করবে।” অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে অ্যাসোসিয়েশনের পরিচালক হাফেজ আবু তাহের বলেন, “বর্ষ পরিক্রমায় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা ৩৩তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে আত্মউন্নয়ন ও আর্থিক সহযোগিতার মাধ্যমে পড়ালেখায় উৎসাহিত করার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই প্রতিষ্ঠানের গঠনমূলক ভূমিকা শিক্ষক, শিক্ষার্থী ও সুধীমহলে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।” বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের সাবেক চেয়ারম্যান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, “একজন সফল মানুষ হতে হলে দক্ষতার পাশাপাশি নৈতিকতার কোনো বিকল্প নেই। নৈতিকতা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা বেড়ে গেছে। শিক্ষিত জাতি গড়তে হলে ছাত্রসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।” তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের নৈতিকতা ও মূল্যবোধ চর্চায় উৎসাহিত করতে হবে এবং শিক্ষার্থীদের সত্যবাদী ও পিতা-মাতার অনুগত হওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথি মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ (ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক) বলেন, “ভালো মানুষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হতে হলে ধর্মীয় মূল্যবোধ চর্চা জরুরি। ধর্ম কখনো উগ্রতা শেখায় না। মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে উঠলেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।” বিশিষ্ট আইনবিদ মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “বৃত্তি প্রকল্পের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহ দিয়ে থাকি। সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা পেলে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।” ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, “প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতেই তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। আগামী বছর আরও বৃহৎ পরিসরে নতুন চমক নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হবে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা।” উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা প্রতিবছর রাজধানীর স্কুল ও মাদ্রাসার তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। ২০২৫ সালে ৩১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রমে ঢাকার প্রায় ৩,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ২৪ অক্টোবর ২০২৫, বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট (স্কুল অ্যান্ড কলেজ), শ্যামলী, মোহাম্মদপুর কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২৮ ডিসেম্বর ২০২৫। এ বছর সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ট্যালেন্টপুল (৬৩ জন) ও সাধারণ (১০৮ জন) মিলিয়ে মোট ১৭১ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে মাদ্রাসা শিক্ষার্থী ৪৭ জন, স্কুল শিক্ষার্থী ১২৩ জন, ছেলে ৯৩ জন এবং মেয়ে ৭৫ জন। বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে শ্রেণিভিত্তিক নগদ অর্থ, সনদ, সম্মাননা ক্রেস্ট ও মোটিভেশনাল বই প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ডা. মুজাহিদুল ইসলাম শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পরিচালক জুবায়ের হোসেন রাজন, নির্বাহী পরিচালকবৃন্দ ও বিভিন্ন জোন প্রতিনিধিগণ।